কাস্টমস হাউস, ভোমরা
কাস্টমস হাউস, ভোমরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরে অবস্থিত এই কাস্টমস হাউস দেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজস্ব আহরণ এবং আন্তঃসীমান্ত বাণিজ্য সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের বিপরীতে অবস্থিত এই বন্দর কলকাতা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে হওয়ায় ব্যবসায়ীদের জন্য সময় ও খরচ সাশ্রয়ী একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে।
ভোমরা স্থল শুল্ক স্টেশন ১৯৯৬ সালের ২৫ মে উদ্বোধন করা হয় এবং ২০০২ সালের ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ২০১৩ সালের ১৯ মে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করে। দীর্ঘদিনের দাবির পর ২০২৫ সালের ১৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস-এ উন্নীত করা হয়। এর ফলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা এর অধীনস্থতা থেকে মুক্ত হয়ে এখানে স্বাধীনভাবে সকল কাস্টমস কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।
বর্তমানে ভোমরা স্থলবন্দরের আয়তন প্রায় ১৫.৭৩ একর।
এখানে রয়েছে:
-ওয়েব্রিজ ও ওপেন ইয়ার্ড
-প্রশাসনিক ভবন, ইমিগ্রেশন সুবিধা
-বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা ব্যবস্থা (সিকিউরিটি ওয়াল, জেনারেটরসহ)
কাস্টমসের Asycuda World এবং ২০২৪ সালে চালু হওয়া বন্দরের ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে কাগজবিহীন ডিজিটাল প্রক্রিয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়, যা সময় কমায়, স্বচ্ছতা বৃদ্ধি করে এবং দুর্নীতি হ্রাস করে। বন্দরটি ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় আকারে উন্নয়নের পরিকল্পনা চলছে।
কাস্টমস হাউস, ভোমরা নিম্নলিখিত মূল দায়িত্বসমূহ পালন করে থাকে:·
-রাজস্ব আহরণ: আমদানি-রপ্তানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর আদায়।
-শুল্ক নির্ধারণ ও মূল্যায়ণ: পণ্যের সঠিক শুল্কায়ন ও ট্যারিফ নির্ধারণ।
-আমদানি-রপ্তানি দলিল যাচাই: ডকুমেন্ট ভেরিফিকেশন ও ক্লিয়ারেন্স।
-বাণিজ্য সহজীকরণ: আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত কার্যক্রম সম্পন্নকরণ।
-আইন প্রয়োগ ও নিরাপত্তা: কাস্টমস আইনের প্রয়োগ এবং অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধ।
বর্তমানে প্রায় সকল ধরনের পণ্য (শুধুমাত্র পাউডার দুধ বাদে) আমদানির অনুমতি রয়েছে, যা বাণিজ্যের পরিধি বৃদ্ধি করেছে। 2025-26 অর্থ বছরে এ পর্যন্ত উল্লেখযোগ্য রাজস্ব আহরণ করেছে এবং রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে।
কাস্টমস হাউস, ভোমরা সবসময় ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত, স্বচ্ছ ও আইনানুগ সেবা প্রদানে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, দক্ষ কাস্টমস ব্যবস্থাপনাই টেকসই অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি।